ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৪:১৭ | আপডেট: ১২ মে ২০২৬ | ১৪:৩৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রকোপ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, মৃত শিশুটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা ছিল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ২৯ জনে। মাত্র সাত মাস বয়সী ওই ছেলে শিশুটিকে গত ১০ মে রাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১১ মে বিকেলে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি হামের পাশাপাশি তীব্র নিউমোনিয়ায় ভুগছিল।

হাসপাতালের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত ওয়ার্ডগুলোতে মোট ৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হওয়া হামের এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭০ জনে। এর মধ্যে ১ হাজার ১৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ভর্তি হলেও অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সাধারণত হামের সাথে নিউমোনিয়া বা শ্বাসকষ্টের মতো জটিলতা দেখা দিলে ঝুঁকি অনেক বেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া অত্যন্ত জরুরি। কোনো শিশুর শরীরে জ্বরের সাথে লালচে দানা বা র‌্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।’
 

আরও পড়ুন

×