ফেনীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
ফাইল ছবি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৫:১১ | আপডেট: ১২ মে ২০২৬ | ১৫:২৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফিজিয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী ডায়াবেটিক হাসপাতালের দায়িত্ব শেষ করে নুরুল আলম তার ছেলে নুর হাসনাত নিরবকে নিয়ে মোটরসাইকেলে করে সোনাগাজী উপজেলার রাজাপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন। পরে হাফিজিয়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ফেনী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘সংঘর্ষে গুরুতর আহত হওয়ায় হাসপাতালে নেওয়ার আগেই বাবা ও ছেলে মারা যান।’
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
