হাটহাজারী
জামিন চাইতে গিয়ে আদালতে গ্রেপ্তার হত্যা মামলার আসামি
নিহত কামরুল ফয়সাল (বাঁ দিকে) ও অভিযুক্ত মো. জুয়েল ( ডান দিকে)। ছবি: সংগৃহীত
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৬:২৬
হাটহাজারীর আলোচিত ফয়সাল হত্যা মামলার পলাতক আসামি মো. জুয়েল (২৮) আত্মসমর্পণ করে জামিন চাইতে গিয়ে আদালতেই গ্রেপ্তার হয়েছেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্ড অফিসার নাজমুল হাসান। তিনি জানান, সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন জুয়েল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
পুলিশের বরাতে জানা যায়, জুয়েল ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তার দাবি, হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
গত ১৭ এপ্রিল সন্ধ্যায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় কামরুল ফয়সাল নামে এক কৃষকদল কর্মী নিহত হন। অভিযোগ রয়েছে, তাকে ড্রাম ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- হাটহাজারী
- হত্যা মামলার আসামি
- আত্মসমর্পণ
