৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো প্রায় ৪ লাখ টাকায়
ছবি: সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ২১:৫৪ | আপডেট: ১২ মে ২০২৬ | ২১:৫৫
ঈদুল আজহা ঘনিয়ে আসতেই নারায়ণগঞ্জের খামারগুলোতে কোরবানির পশু খুঁজতে শুরু করেছেন ক্রেতারা। তবে এবার শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ পশু কেনার চেয়ে দর্শনার্থীদের ভিড় বেশি। এই খামারেই রয়েছে প্রায় ৭০০ কেজি ওজনের এক গোলাপি রঙের অ্যালবিনো জাতের মহিষ, যার নাম রাখা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। মহিষটি ইতোমধ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা।
অটোরিকশা থেকে খামারের গেটে নামতেই দেখা গেল, অনেকে কৌতূহলী হয়ে ফার্মে ঢুকছেন ট্রাম্পকে দেখতে, আবার কেউ বের হচ্ছেন ট্রাম্পকে দেখা শেষ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ মহিষটিকে দেখতে ভিড় জমাচ্ছেন।
ঢুকতেই কথা হলো খামারের গরু-মহিষের দেখাশোনা করা রাখাল জুবায়ের, মুকারিম ও আহাদের সঙ্গে। কৌতূহলী মানুষের ভিড় সামলাতে তারা ব্যস্ত। জুবায়ের বললেন, ‘আমাদের খামারে বিভিন্ন গরুর নানা মজার নাম রয়েছে। যেমন—তুফান, রহমান ডাকাত, মাস্তান। এর মধ্যে আমাদের ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধার ছোট ভাই নুরুদ্দিন আহমেদ মজা করে এই গোলাপি মহিষের নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।’
তাকে দেখাশোনা করা আরেক রাখাল মোহাম্মদ খালেক বললেন, আমরা সব সময় কালো মহিষ দেখে অভ্যস্ত। কিন্তু গোলাপি মহিষ আমাদের দেশের জাত না। আমাদের মালিক শখের বশে এই মহিষ এনেছেন। এটির চুলগুলো অন্য গোলাপি মহিষের মতো কোঁকড়ানো না, মানুষের মতো সোজা।
তিনি জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’-এর বিশেষ যত্ন নেওয়া হয়। প্রতিদিন দুই বেলা সময় মেনে তাকে খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় আছে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। সাড়ে তিন বছর বয়সী ট্রাম্প খুব শান্ত স্বভাবের। বিরক্ত না করলে কাউকে আক্রমণ করে না।
খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, আরও দেড় মাস আগেই ঢাকার একজন ক্রেতা মহিষটি কিনে নিয়েছেন। তার খামারের অন্যান্য গরু-মহিষের মতো এটিও লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে ট্রাম্পের দাম পড়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা।
তিনি বলেন, ‘শুধু এটি না, আমি ২০০টি গরু, ৮টি মহিষ আর ১৫টি ভেড়া পালন করেছিলাম। আমার এখানে ৭০ হাজার টাকার গরু থেকে শুরু করে বড় গরুও ছিল। যাদের বাজেট ৫-১০ হাজার টাকা, তাদের জন্য ভেড়া রেখেছিলাম। সব বিক্রি হয়ে গেছে। ঈদের আগের দিন এগুলো ক্রেতারা নিতে আসবেন।’
তিনি জানান, রাজশাহী সিটি পশুর হাট থেকে গত বছর কোরবানির ঈদের এক মাস পর মহিষটি কিনেছিলেন। এরপর খামারে বড় হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, নারায়ণগঞ্জে এবার কোরবানির পশুর চাহিদা ১ লাখ ৩ হাজার। ৬ হাজার ৫৩৫টি খামারে কোরবানির পশু প্রস্তুত আছে ১ লাখ ১৩ হাজার পশু।
তিনি জানান, ২০২৫ সালে নারায়ণগঞ্জে কোরবানির পশুর মোট চাহিদা ছিল প্রায় এক লাখ। গতবার কোরবানির জন্য জেলায় প্রস্তুত পশু ছিল ৮৬ হাজার ৪২৬টি। ফলে গত বছরের চেয়ে এবার নারায়ণগঞ্জের খামারগুলোতে পালন করা গরুর সংখ্যা বেশি। নারায়ণগঞ্জের গরু ছাড়াও জেলার বিভিন্ন হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের গরু নিয়ে বিক্রির জন্য আসবেন।
- বিষয় :
- ঈদুল আজহা
- নারায়ণগঞ্জ
- ডোনাল্ড ট্রাম্প
