ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈশ্বরদীতে বিশ্বব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বিশ্বব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
×

ছবি: সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬ | ২২:২৭

পাবনার ঈশ্বরদী পৌরসভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি) এর আওতায় ‘ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর আওতায় ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ঈশ্বরদী পৌরসভা।  

মঙ্গলবার অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির পরিবেশবিদ ও ভারপ্রাপ্ত টিম লিডার আহসান ইমাম, সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ, হাসিবুল হক ও পরিবেশবিদ মাহমুদা খাতুন। কর্মশালার সমন্বয় করেন ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

ঈশ্বরদী পৌরসভার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী প্রবীর কুমার বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান, পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর সদস্যবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানানো হয়। 

প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২ দশমিক ১ কোটি মানুষ উপকৃত হবেন। এর মধ্যে অর্ধেকই নারী হবেন বলে দাবি করা হয়েছে। 

কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাসটার্মিনাল উন্নয়ন, বর্জ্য ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।

আরও পড়ুন

×