ধান ক্ষেতে হাত-পা বাঁধা লাশ
প্রতীকী ছবি
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৬:৫৭
জয়পুরহাটের আক্কেলপুরে হাত-পা বাঁধা ও মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরনে থাকা গেঞ্জির পকেট থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
নিহত ব্যক্তি উপজেলার তিলকপুর ইউনিয়নের কৃষ্ণকোলা গ্রামের মৃত কোরেশ আকন্দের ছেলে আশরাফুল ইসলাম লালো (৪৭)। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় হত্যা মামলা করেছেন। মামলার বিষয়টি বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ওই মাঠের একটি বোরো ধানক্ষেত কাটা হয়। মঙ্গলবার দুপুরে কয়েকজন কৃষক ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। সূত্র ধরে এগিয়ে গেলে মাটিচাপা অবস্থায় মানুষের হাত দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি সরিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। নিহতের স্ত্রী নাসিমা বেগম ও ছেলে রাব্বি থানায় এসে লাশ শনাক্ত করেন।
নিহত আশরাফুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘শনিবার আমার স্বামী রাতের খাবার খেয়ে বাইরে যান। এরপর আর ফেরেননি। পুলিশের মাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে তাঁকে শনাক্ত করি।’ তিনি বলেন, ‘কয়েক মাস ধরে আমাদের পুকুর নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। তারাই আমার স্বামীকে হত্যা করতে পারে। আমি বিচার চাই।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, হাত-পা বাঁধা লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করে গুমের উদ্দেশ্যে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- জয়পুরহাট
- লাশ উদ্ধার
