শিশু ধর্ষণের অভিযোগে সালিশের নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৭:৩৯
| প্রিন্ট সংস্করণ
সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ তোলা হয় ষাটোর্ধ্ব জয়নাল আবেদীনের বিরুদ্ধে। গ্রাম্য সালিশের নামে ওই বৃদ্ধকে ধরে নিয়ে প্রকাশ্যে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। দুদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে গত মঙ্গলবার মধ্যরাতে জয়নালের মরদেহ দাফন করা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ফাউগান এলাকার এ ঘটনায় গতকাল বুধবার মৃতের ছেলে মনির হোসেন বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য রাশিদুল ইসলামকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
জানা যায়, এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যার দিকে ফাউগান বাজারে সালিশের নামে জয়নালকে ধরে নিয়ে ইউপি সদস্য রাশিদুলের নেতৃত্বে দফায় দফায় পেটানো হয়।
মামলার বাদী মনির বলেন, মেম্বার রাশিদুল এক পর্যায়ে আহত বাবার অণ্ডকোষ চেপে হত্যার চেষ্টা করে। বাবাকে কয়েক দফা মারধরের পর চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রীপুর থানার ওসি নাছির আহমদ বলেন, গতকাল নিহতের ছেলে মনির হোসেন বাদী হয়ে মামলা করেছেন। ১২ জনের নাম উল্লেখসহ সাতজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
- বিষয় :
- হত্যা
