ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

আলিফের ভাইয়ের মামলা পিবিআইয়ে

আলিফের ভাইয়ের মামলা পিবিআইয়ে
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৭:৫১

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাইয়ের করা বিস্ফোরক আইনের মামলার তদন্তভার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ থেকে সরিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রোকে দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত এ আদেশ দেন। এ সময় শুনানিতে উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল।

বাদীপক্ষের আইনজীবী সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, এতদিন পরও মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এবং তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন বাদী। এর পরিপ্রেক্ষিতে গতকাল তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি পিবিআইকে তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। 
তিনি আরও বলেন, এ মামলার এজাহারভুক্ত আসামি ১১৬ জন এবং অজ্ঞাতপরিচয় আসামি ৪০০ থেকে ৫০০ জন। অথচ দীর্ঘদিন পরও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি ডিবি। যে কারণে তদন্তের অগ্রগতি নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। 
গত ২ ফেব্রুয়ারি বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আলোচিত এই মামলার সাক্ষ্য পর্ব শুরু হয়। ২০২৪ সালের ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ২৯ নভেম্বর নগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। 

আরও পড়ুন

×