ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেহেরপুরে ভূমি ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির চেষ্টা, ভাঙা হয়েছে একাধিক তালা

মেহেরপুরে ভূমি ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির চেষ্টা, ভাঙা হয়েছে একাধিক তালা
×

সাব-রেজিস্ট্রি অফিসের একাধিক তালা ও গ্রিল গেট ভাঙচুর করা হয়। ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ২১:০০ | আপডেট: ১৪ মে ২০২৬ | ২১:০০

মেহেরপুরের গাংনী উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে গভীর রাতে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একাধিক তালা ও গ্রিল গেট ভাঙচুর করা হয়। সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিস তছনছ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

অফিসের স্টাফরা জানান, বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে দুর্বৃত্তরা অফিসে প্রবেশের চেষ্টা চালিয়ে একাধিক তালা ও গ্রিল গেট ভাঙচুর করে। এ ঘটনায় সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের গ্রিল গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় অফিসের কয়েকটি কক্ষের তালা ভেঙে তছনছ করা হয়। ভূমি অফিসের কিছু অংশেও চুরির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা অফিসের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও কাগজপত্র এলোমেলো করে ফেলে রেখেছে। সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে তালা ভাঙা ও বিভিন্ন কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, দুর্বৃত্তরা অফিসের একাধিক কক্ষের তালা ভেঙেছে। তবে এখন পর্যন্ত কী কী মালামাল বা নথি খোয়া গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। চোরের দল ধরতে পুলিশ মাঠে নেমেছে। সিসি ক্যামেরায় ধরাপড়া ব্যক্তিকে খোজা হচ্ছে। এর সাথে জড়িতদের খুব শীঘ্রই ধরা সম্ভব হবে জানান তিনি। 

গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার নাঈমা ইসলাম বলেন, সকালে স্টাফরা অফিস খুলতে গিয়ে দেখেন গেট ও দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথিসমুহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চোরের দল। তাদের কি উদ্দেশ্যে ছিলো জানি না। চোর না অন্য কোনো কারণ, তা বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কোনো নথি খোয়া গেছে কিনা তা এখনই বলা সম্ভব নয়। অফিসের সিকিউরিটি বাড়ানোসহ সব বিষয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, এর আগেও গাংনী উপজেলা চত্বর থেকে দুটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোগাড়ি চুরির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

×