শিশুকে লাঠিপেটার পর গলা টিপে আছাড়, ভিডিও ভাইরাল
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৪:৪২
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি মাদ্রাসায় ৯ বছর বয়সী শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে মারধর ও গলা টিপে মাটিতে আছড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতনের ঘটনাটি ঘটে বুধবার সকালে জেলা শহরের ‘আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদ্রাসায়’। তবে বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। শিশুটির মামা মোখলেসুর রহমান বুধবার রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে রাতেই দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া শিক্ষকরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের সাকির আলী এবং একই প্রতিষ্ঠানের শিক্ষক নাহিদ আলী। নাহিদের বাড়ি গোদাগাড়ীর কাকনহাট এলাকার মহাদেবপুর গ্রামে।
ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক সাকির আলী প্রথমে শিশুটিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে শূন্যে তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন। শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করলেও নির্যাতন থামাননি তিনি। এ সময় আশপাশে থাকা অন্য শিক্ষার্থীদের আতঙ্কিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে একপর্যায়ে আরেক ব্যক্তিকে এসে দাঁড়াতে দেখা যায়, যিনি পরে গ্রেপ্তার হওয়া শিক্ষক নাহিদ বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, এটি কোনোভাবেই শাসন নয়; বরং এক শিশুর ওপর পৈশাচিক নির্যাতন। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শিশুটির মামা মোখলেসুর রহমান বলেন, ‘আমার ভাগনে নূর-ই-সাফী মাদ্রাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক সাকির দীর্ঘদিন ধরেই তুচ্ছ ঘটনায় তাকে গালাগাল ও মারধর করতেন। আমরা পরিবার থেকে একাধিকবার অনুরোধ করলেও তিনি থামেননি। বরং আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।’
তিনি আরও অভিযোগ করেন, ‘বুধবারের নির্যাতনের ঘটনায় অপর শিক্ষক নাহিদ আলীরও ভূমিকা ছিল। তাঁর উৎসাহেই সাকির এত ভয়ংকর আচরণ করার সাহস পেয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাকির আলীর বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের মারধর ও দুর্ব্যবহারের অভিযোগ ছিল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
