ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যানজটে আটকা পড়ে ভ্যানেই রোগীর মৃত্যু

যানজটে আটকা পড়ে ভ্যানেই রোগীর মৃত্যু
×

ফাইল ছবি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৪:৫১

নালিতাবাড়ী পৌরশহরে যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ভোগাই ব্রিজ-সংলগ্ন এলাকায় ভ্যানগাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমিনুল ইসলাম গুজাকুড়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন আমিনুল ইসলাম (৪৮)। বৃহস্পতিবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ভ্যানগাড়িতে করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটে আটকে পড়ে ভ্যানটি। প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকায় সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। এক পর্যায়ে চিকিৎসা না পেয়ে ভ্যানগাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, দ্রুত হাসপাতালে নেওয়া গেলে হয়তো তাঁর জীবন বাঁচানো সম্ভব হতো।

প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, যানজটের কারণে লোকটিকে হাসপাতালে নেওয়া গেল না। চোখের সামনে ভ্যানেই তাঁর মৃত্যু হলো।

ভুক্তভোগীরা জানান, নালিতাবাড়ী শহরে প্রায় প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি জরুরি রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। পরীক্ষা চলাকালীন সময়ে যানজটে আটকে থেকে পরীক্ষার্থীদের সময় নষ্ট হয়।

বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর ফুফাতো ভাই রাসেল বলেন, হাসপাতাল থেকে পাঁচ মিনিটের দূরত্বে প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। এতে ভ্যানেই আমিনুলের মৃত্যু হয়।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বাজার এলাকায় ধানের হাট এবং মালবাহী ট্রাক যত্রতত্র পার্কিং করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

আরও পড়ুন

×