‘দেশের কৃষকেরাও কোট-টাই পরে চলাফেরা করবেন’
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৭:৫৬
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের কৃষকরাও কোট-টাই পরে আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের কৃষকদের জীবনমান বদলে যাবে। উন্নত বিশ্বের কৃষকদের মতো দেশের কৃষকেরাও একসময় প্রযুক্তিনির্ভর, স্মার্ট ও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করবেন।
গতকাল বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদরের জাগীর এলাকায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত কৃষক কংগ্রেসে তিনি এসব কথা বলেন।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ সদর
উপজেলা কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের বীজ, আধুনিক সেচ প্রযুক্তি, ক্লাইমেট-স্মার্ট কৃষি যান্ত্রিকীকরণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণের মাধ্যমে উচ্চমূল্যের ফসলের আবাদ বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদন এলাকা সম্প্রসারণে কাজ করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক মো. আব্দুল কাইয়্যুম মজুমদার, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা খান, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মমতাজ বেগম, মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম ভূইয়া এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা সিরাজ প্রমুখ। কৃষক কংগ্রেসে ৭৫ জন কৃষক ও ১৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন।
- বিষয় :
- কৃষক
