ভারতে পালানোর সময় চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৯:০৫
মৌলভীবাজারের বড়লেখায় ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’র সদস্য ও সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে মাহেদ বড়লেখা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন বলে বড়লেখা থানা-পুলিশ জানতে পারে।
এ তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গম পাহাড়ি এলাকার বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান চালায়। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে একটি টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তথ্য যাচাই করে পুলিশ জানতে পারে, মাহেদ ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তদন্তাধীন একটি মামলার আসামি। সিটিটিসির আবেদনের পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
বড়লেখা থানার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহেদ উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। রেড অ্যালার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে ওসি মনিরুজ্জামান খান বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- মৌলভীবাজার
- গ্রেপ্তার
- পুলিশ
