ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উদ্ভাবনী চিন্তাই দেশের অর্থনৈতিক সমাধান দিতে পারে: বাণিজ্যমন্ত্রী

উদ্ভাবনী চিন্তাই দেশের অর্থনৈতিক সমাধান দিতে পারে: বাণিজ্যমন্ত্রী
×

ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৯:৩৬

বিজ্ঞান গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই উল্লেখ করে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়। ভবিষ্যতের উদ্ভাবনকে এগিয়ে নেয়। উদ্ভাবনী চিন্তাই দেশের অর্থনৈতিক সমাধান দিতে পারে।

শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, একটি দেশের অগ্রগতির মূল শক্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও গবেষণা। গবেষণা ও উদ্ভাবনই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। দেশের নানা সমস্যার সমাধান দেশীয় গবেষণা থেকেই আসতে হবে।

ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের উদ্ভাবন কিংবা পেঁয়াজ ও আলু সংরক্ষণে দেশীয় প্রযুক্তি ব্যবহারের উদাহরণ তুলে ধরে খন্দকার মুক্তাদির বলেন, এসব উদ্ভাবন দেশের বাস্তব চাহিদা থেকেই এসেছে এবং এগুলোই গবেষণার সফল প্রয়োগ। তিনি দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানচর্চা এবং বিজ্ঞান মেলার আয়োজন অব্যাহত রাখলে নতুন নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এসএম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আলিমুল ইসলাম, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান। পরে মন্ত্রী সিলেট জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন

×