বিছনাকান্দিতে সাঁতার কাটতে নেমে শাবি শিক্ষার্থী নিখোঁজ
নিখোঁজ শান্ত বণিক। ছবি: সংগৃহীত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২২:০৬ | আপডেট: ১৫ মে ২০২৬ | ২২:২৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত শান্ত বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিভাগটির শিক্ষার্থীরা জানান, ১০-১১ জনের একটি দল বিছনাকান্দি ভ্রমণে গিয়ে স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ ঢল নামলে পানির স্রোত বেড়ে যায়। প্রবল স্রোতের তোড়ে শান্ত বণিক পানিতে তলিয়ে যান।
তার বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ট্যুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
শাবির পিএমই বিভাগের অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিদ রহমান অপূর্ব জানান, তাদের ব্যাচের ১০-১১ জন শিক্ষার্থী বিছনাকান্দি ভ্রমণে যায়। তিনি অভিযোগ করেন, দেড়-দুই ঘণ্টা পার হলেও ডুবুরি দল বা প্রশাসনের পক্ষ থেকে কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তারা বিষয়টি জানতে পারেন। ডিসিকে ফোন করলেও তৎক্ষণাৎ যোগাযোগ সম্ভব হয়নি। পরে ডুবুরি দল পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে রাস্তাঘাট খারাপ থাকায় কিছুটা দেরি হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ শান্ত বণিককে উদ্ধার করা সম্ভব হয়নি।
- বিষয় :
- সিলেট
- পর্যটন কেন্দ্র
- নিখোঁজ
