ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এবার কোবানির হাট কাঁপাবে ‘দিনাজপুরের সম্রাট’

এবার কোবানির হাট কাঁপাবে ‘দিনাজপুরের সম্রাট’
×

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সুঠাম দেহের ষাঁড় সম্রাট। ছবি: সমকাল

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৪:১৬ | আপডেট: ১৬ মে ২০২৬ | ০৪:১৭

এবার কোরবানির হাট কাঁপাবে ‘দিনাজপুরের সম্রাট’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সুঠাম দেহের ষাঁড় সম্রাট। ধূসর রঙের ষাঁড়টির শরীরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। ওজন ৩০ মণ অর্থাৎ ১১২৫ কেজি। মালিকের আশা, সম্রাটকে ১২ লাখ টাকায় বিক্রি করা হবে।

শান্ত স্বভাবের, শাহী ওয়াল ফ্রিজিয়ান ক্রস জাতের এই ষাঁড়টি দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে লালন-পালন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার শেষ সীমানার হামিদপুর ইউনিয়নের মধ্যদুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি পেশায় একজন ব্যবসায়ী। শুধু সম্রাট নয়, উন্নত জাতের আরও ১০টি গরু লালন-পালন করেছেন তিনি। ব্যবসার পাশাপাশি শখের বসে গরু পালন করছেন তিনি। তিনিসহ তার পরিবারের অন্যান্য সদস্য এসব গরু দেখাশুনা করেন।

রাজ্জাকের ছোট ভাই মাহাবুবসহ পরিবারের অন্য সদস্যরা বলেন, ‘সন্তানের মতো সম্রাটকে লালন-পালন করা হচ্ছে। পরিবারের সবাই মিলে যত্ন নিয়ে তাকে বড় করা হয়েছে। নাম ধরে ডাক দিলে ষাঁড়টি সাড়া দেয় এবং ঘুরে তাকায় বলে দাবি করেন তারা। বড় মায়া লেগে আছে তার প্রতি। 

রাজ্জাকের খামারে প্রায় দুই বছর আগে শাহীওয়াল জাতের গাভী থেকে জন্ম নেয় সম্রাট। শহীওয়াল জাতের ষাঁড়টিকে সম্রাটের মতোই লালন-পালন করেছেন বলে ভালোবেসে নাম রেখেছেন ‘দিনাজপুরের সম্রাট’। বিশাল আকৃতির ষাঁড়টি হাটে আনা-নেওয়া করা কষ্টকর, তাই বাড়ি থেকেই তাকে বিক্রি করতে চান বলে জানান রাজ্জাক। 

মালিক আরও বলেন, জন্মের পর গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খড়, ঘাস, ছোলা, মসুরের ডাল ও ভুসি, ভুট্টার আটা, চোপড়, খুদের ভাত, খইল, ধানের গুঁড়া ও চিটা গুড় খাইয়ে লালন-পালন করছেন। মাঝে-মধ্যে কাঁচাকলা, গাজর, আপেল, কাঁঠাল, পাতাকপিসহ বিভিন্ন মৌসুমি ফলও খাওয়ানো হয়। এতে প্রতিদিন খরচ হয় ৮০০ থেকে এক হাজার টাকা। থাকার জায়গায় ২৪ ঘণ্টা ফ্যান দেওয়া রয়েছে। বিদ্যুৎ না থাকলে হাতপাখা দিয়েও সম্রাটকে বাতাস করতে হয়। প্রতিদিন ৩/৪ বার গোসল করাতে হয়।

তিনি আরও বলেন, নিজের সন্তানের মতো করে অনেক যত্নে গরুটিকে লালন-পালন করেছেন। সম্রাটকে বিক্রি করতে চান ১২ লাখ টাকায়।

আরও পড়ুন

×