রংপুরে জামায়াত আমির
তিস্তার হিস্যা নিশ্চিত করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে
ডা. শফিকুর রহমান
রংপুর অফিস
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
তিস্তা নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পদ্মা ব্যারেজের উদ্যোগকে স্বাগত জানালেও তা তিস্তার বিকল্প হতে পারে না। তিস্তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে তিস্তা ইস্যুতে বড় আন্দোলন করলেও এখনও দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এত বড় একটা এলাকাকে অবহেলা, অগ্রাহ্য করে বাংলাদেশ এগিয়ে যাবে এটা কল্পনা করা যায় না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা একটি নির্বাচনমুখী দল। গণতান্ত্রিক পন্থায় এ দেশের নেতৃত্বের পরিবর্তন চাই। তাই সব নির্বাচনে অংশ নিয়েছি, এবারও নেব। স্থানীয় সরকার নির্বাচনের সব পর্যায়ে অংশগ্রহণ করা হবে। তবে জাতীয় নির্বাচনের পর শেরপুর ও বগুড়ার দুটি উপনির্বাচনের চিত্র সবাই দেখেছেন। এ কারণে স্থানীয় নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে এ বিরোধী দলীয় নেতা বলেন, তৎকালীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এ বিষয়ে একটি শব্দও আমাদের সঙ্গে উচ্চারণ করা হয়নি।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ দলটির স্থানীয় নেতারা।
- বিষয় :
- ডা. শফিকুর রহমান
