ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যাংক ম্যানেজারকে গাড়িতে তুলে নিয়ে মুক্তিপণ আদায়

ব্যাংক ম্যানেজারকে গাড়িতে তুলে নিয়ে মুক্তিপণ আদায়
×

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস সড়ক থেকে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুস সবুর (৫১) নামে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। মাইক্রোবাসটি কালিয়াকৈর-নবীনগর সড়কে ঘুরিয়ে তাঁকে হাতুড়িপেটা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। 
পরে আশুলিয়া থানার কবিরপুর এলাকায় তাঁকে ফেলে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। আবদুস সবুর কৃষি ব্যাংকের কালিয়াকৈর শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি বগুড়ায়।
ব্যাংক কর্মকর্তা আবদুস সবুর জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস মোড়ে যান। বগুড়ায় যাওয়ার জন্য সেখানে বাসের অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাস আবদুস সবুরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেটি থেকে নেমে ৩-৪ জন তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে সাভারের দিকে চলে যায়। রাত ১০টা পর্যন্ত অপহরণকারীরা তাঁকে নিয়ে বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করে। 

এ সময় হাতুড়িপেটা করে তাঁর কাছে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁর স্বজনদের ফোন দিয়ে আরও ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। এরপর আশুলিয়ার কবিরপুর এলাকায় চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। 
সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আবদুস সবুরকে উদ্ধার করেন। পরে তাঁকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
গতকাল শুক্রবার কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, অপহরণকারীদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তাকে মামলা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

×