ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভূমি রক্ষার দাবি
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে শনিবার সকালে আয়োজিত মানববন্ধনের একাংশ। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৬:৪০
বরেণ্য সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণের ভূমি রক্ষায় সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্টজন। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি তোলেন তারা।
ওস্তাদ আলাউদ্দিন খাঁ ভূমি রক্ষা কমিটি আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে বাড়িটি কেনার পর ১৯৫৬ সালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিউজিক কলেজকে দান করে স্বত্ত্ব ছেড়ে দেন। স্বাধীনতার পর থেকে প্রতিষ্ঠানটি সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণ নামে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। কিন্তু একটি ভূমিদস্যু চক্র ভুয়া দলিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির জমি দখলের পাঁয়তারা করছে।
তারা আরও বলেন, এ প্রতিষ্ঠানের নৃত্যশিক্ষার্থীরা সম্প্রতি ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মানব পুতুল নাচ পরিবেশনার মাধ্যমে ভূয়সী প্রশংসা পেয়েছে। এখানকার শিক্ষার্থীরা জাপানে গিয়েও প্রশংসা কুড়িয়েছে।
বক্তারা অভিযোগ করেন, জমি দখলের চক্রান্তের অংশ হিসেবে ২০১৬ ও ২০২১ সালে প্রতিষ্ঠানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যেহেতু ওস্তাদ আলাউদ্দিন খাঁ জমিটি ১৯৫৬ সালেই দান করে গিয়েছেন, পরবর্তীতে উত্তরাধিকার হিসেবে একই জমি বিক্রি বা দানের সুযোগ নেই। তারা দ্রুত সময়ের মধ্যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়নের দাবি।
আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আবদুন নূরেরর সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা উদীচীর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, উদীচী সদস্য কবি মাশরেকি শিপন, আলাউদ্দিন সংগীতাঙ্গণের শিক্ষার্থী শ্রেয়া বণিক ও ফারিয়া হাজারী প্রমুখ।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
