চিকিৎসা বিজ্ঞানে গবেষকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক ডা. এম এ ফায়েজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৯:৩৩
জমকালো আয়োজনে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে কলেজের শিক্ষক ও গবেষকদের মধ্য থেকে আবেদনের প্রেক্ষিতে সাতজনকে পাঁচ লাখ টাকা করে গবেষণা অনুদান প্রদান করা হয়।
আজ শনিবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সার্ভিসের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট মেডিকেল বিজ্ঞানী, প্রথিতযশা আন্তর্জাতিক গবেষক অধ্যাপক ডা. এম এ ফায়েজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ডিন অধ্যাপক মো. আমির হোসেন। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গবেষণা সেলের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিনা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিইএসএইচ এর ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক মো. নুরুন্নবী, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও চমেবি দন্ত অনুষদের সাবেক ডীন অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন, সিআইএমসিএইচ এর পরিচালক ডা. অং সুইং প্রু মারমা, পরিচালক অধ্যাপক ডা. শাহিকুল জাব্বার, গবেষণা সেলের সদস্য সচিব অধ্যাপক ডা. পারভেজ ইকবাল শরীফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এম এ ফয়েজ বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানে গবেষকদের ভূমিকা অপরিসীম। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ দেশের জন্য গবেষক তৈরিতে বড় ভূমিকা রেখে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের অনেক গবেষণা প্রতিবেদন এরইমধ্যে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে। এই প্রতিষ্ঠান শিক্ষা ও গবেষণায় যেভাবে এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে এই প্রতিষ্ঠানের সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।’
অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন বলেন, ‘শিক্ষা ও চিকিৎসায় গবেষণা খুবই জরুরি। কারণ, একটি সঠিক ও বাস্তব গবেষণা ভবিষ্য চিকিৎসা সেবায় বড় ভূমিকা রাখতে সম্ভব। এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে বিগত কয়েক বছর ধরে নতুন নতুন গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছি আমরা। বিশ্বের প্রথিতযশা অনেক গবেষক আমাদের গবেষণা কাজ দেখে মুগ্ধও হয়েছেন। চট্টগ্রামের স্বাস্থ্য বিষয়ের বাস্তব চিত্র তুলে ধরতে আগামীতেও নানা গবেষণা প্রতিবেদন তুলে ধরা হবে।’
২০২৬-২০২৭ সালে এই কলেজ থেকে গবেষণা অনুদান প্রাপ্ত মোট ৭ জনকে অভিনন্দন জানান অতিথিরা। এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিএমআরসি, বিসিপিএস, বিএসএম থেকেও অনেক গবেষক প্রতিবছর বিভিন্ন গবেষণা অনুদান নিয়মিত পেয়ে থাকেন বলে জানান আয়োজকরা।
- বিষয় :
- চট্টগ্রাম
