মাছঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৮:০৪
| প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মাছঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজলোর উত্তর চর আবাবিল ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ ঘটনা ঘট।
আহতদের মধ্যে রাব্বি হোসেন (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০) ও দেলোয়ার হোসেনকে (৩২) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়ছে। এ ঘটনায় গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চর আবাবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক শফি সরদার এবং একই ওয়ার্ডের বিএনপির সহসভাপতি ফারুক সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে মাছঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছে। এর জেরে গতকাল সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।
একটি সূত্র জানায়, শফি সরদার উত্তর বংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে ফারুক সরদার একই ওয়ার্ড বিএনপির সহসভাপতি এবং আবুল কালাম আজাদ উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি। দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব নিয়ে বিরোধ চলে আসছে।
বিএনপি নেতা শফি উদ্দিন অভিযোগ করেন, একই ইউনিয়নে বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম আজাদ ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক
মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় রাব্বি, ফরহাদ হোসেনসহ অন্তত আটজন আহত হন।
তবে এই অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ফারুক সরদার দাবি করেন, ‘১৭ বছর ধরে আমি ও কয়েকজন মিলে এই মাছঘাট পরিচালনা করে আসছি। আজকের ঘটনায় তারা নিজেদের মধ্যেই প্রথমে মারামারি করেছে। পরে আমাদের ওপরও হামলা চালানো হয়।’
উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বরং আমি ঘটনাস্থলে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করিছি।’
রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সংঘর্ষ
