ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিরাজগঞ্জ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই সহ-সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই সহ-সভাপতি গ্রেপ্তার
×

গ্রেপ্তার আলভী হোসেন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৬:৩৩ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৬:৪০

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখাসহ চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নবগঠিত পৌর ছাত্রলীগ কমিটির সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর রয়েছে।

ঘোষিত ইউনিটগুলোর মধ্যে রয়েছে— সিরাজগঞ্জ জেলা, সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। এর মধ্যে ২৫ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটিতে শিপন আহসান কাব্যকে সভাপতি এবং আলামিন সরকার হিমেলকে সাধারণ সম্পাদক করা হয়। একই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাম আসে আলভী হোসেনের। তবে কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ওই নবগঠিত পৌর ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি আলভী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতেই জেলা শহরের দিয়ার ধানগড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, ‘যে সংগঠন বর্তমানে নিষিদ্ধ এবং যার শীর্ষ নেতৃত্ব পলাতক, তাদের কমিটি ঘোষণা নিছকই হাস্যকর। দীর্ঘদিন থেকে তারা পালিয়ে থাকায় শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা দেখিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। এটি তাদের এক ধরনের রাজনৈতিক অপকৌশল ছাড়া আর কিছু না।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আলভীকে একটি বিস্ফোরক মামলায় অভিযুক্ত দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

×