‘জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি’
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৭:৪৭ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৮:১৮
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে পুলিশ। রাউজান ও আশপাশের এলাকায় টার্গেট কিলিং, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কাজ করা হচ্ছে। জঙ্গল সলিমপুরকে আর রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হিসেবে থাকতে দেওয়া হবে না। চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশের সমন্বয়ে বড় পরিসরে পরিকল্পনা নেওয়া হচ্ছে।’
রোববার চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুরকে ঘিরে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের অংশ হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার ও পুলিশ একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অবকাঠামো উন্নয়ন হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হবে।
তিনি বলেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। অনেক সময় আগেই তথ্য ছড়িয়ে যায়। তাই, অভিযান বা গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য আপনাদের দ্রুত জানাতে আমরা চেষ্টা করবো। জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে।
আসন্ন কোরবানির পশুর হাট নিয়ে নতুন পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম জেলায় আড়াইশ পশুর হাট রয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাট ও পশু পরিবহনে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বড় অঙ্কের টাকা বহনে ব্যবসায়ীরা চাইলে পুলিশি সহায়তা পাবেন। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে নিরাপত্তা জোরদার করবে। এছাড়া কক্সবাজার-মিয়ানমার সীমান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ছড়িয়ে যায়। তাই, চট্টগ্রাম জেলার সড়ক ও মহাসড়কে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে জানান তিনি।
- বিষয় :
- চট্টগ্রাম
