ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চামড়ার ন্যায্য দাম নিয়ে অনিশ্চয়তায় যশোরের ব্যবসায়ীরা

চামড়ার ন্যায্য দাম নিয়ে অনিশ্চয়তায় যশোরের ব্যবসায়ীরা
×

যশোরের রাজারহাট চামড়া মোকাম

যশোর অফিস

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৯:৫৫

কোরবানির ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে পশুর চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের দাম। অন্যদিকে ট্যানারি মালিকদের কাছে বিপুল অঙ্কের বকেয়া, ব্যাংক ঋণের অপ্রতুলতা এবং বাজারে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন যশোরের রাজারহাট মোকামের চামড়া ব্যবসায়ীরা।

একাধিক ব্যবসায়ীরা জানান, ‘সরকার প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করেন। কিন্তু সেই দামে সব চামড়া বেচাকেনা হয় না। চামড়া পাচার রোধে আইনশৃংখলা বাহিনীকে কঠোর থাকতে হবে। একই সাথে আমাদের দেশের চামড়া চায়নায় রপ্তানি করা হয়। চায়না নির্ভর রপ্তানি থেকে বেরিয়ে ইউরোপের বাজার ধরতে হবে। তাহলে চামড়া শিল্প চাঙা হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বাঁচবে। আশা করি নতুন সরকার এ বিষয়ে বিবেচনা করবেন।’

রাজারহাটের মোকামের ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘পশুর চামড়া সংরক্ষণের অন্যতম অনুসঙ্গ লবন। ইতোমধ্যে প্রতি বস্তায় লবনের দাম ১শ’ টাকা বেড়েছে। লবনের দাম বৃদ্ধি পাওয়ায় চামড়া সংরক্ষণের খরচ বেড়ে যাচ্ছে। সরকারিভাবে বিনামূল্যে লবন দেওয়া হলেও সেটি ব্যবসায়ীরা পান না। সেটা দেওয়া হয় মাদরাসা-এতিমখানায়। আর তারা বিনামূল্যের লবণ সংগৃহীত চামড়ায় না লাগিয়ে আলাদা করে বিক্রি করে দেয়। এজন্য ব্যবসায়ীদের বিনামূল্যে লবন দিলে উপকৃত হতো।’

আরেক ব্যবসায়ী আনন্দ দাস বলেন, ‘আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা নেই। ফলে বাধ্য হয়ে এনজিও, মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পুঁজি জোগাড় করি। সেই পুঁজির টাকায় চামড়া কিনে ন্যায্য দাম থেকে বঞ্চিত হই। কোরবানিতে কখনই সরকারের দেওয়া নির্ধারিত দামে বেচাকেনা করতে পারি না।’

রাজারহাট মোকামের আড়তদার আবদুল মালেক বলেন, ‘ট্যানারি মালিকদের কাছে এখানকার আড়তদারদের অন্তত ৩০ কোটি টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিনেও বকেয়া আদায় না হওয়ায় পুঁজি নিয়ে বিপাকে পড়েছেন সবাই। ঈদের আগে বকেয়া আদায় না হলে পুঁজি সংকট বাড়বে।’

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘চামড়ার বাজার মনিটরিং ও পাচার রোধে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।’

সরকার ইতোমধ্যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে। ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা।

প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার রাজারহাট চামড়া মোকামে যশোরসহ খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ঝালকাঠি, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নাটোরের ব্যবসায়ীরা চামড়া কেনাবেচা করেন। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টির বেশি আড়ৎ রয়েছে এবং অন্তত দুই হাজার মানুষের কর্মসংস্থান হয়।

আরও পড়ুন

×