লালমনিরহাট
হত্যা মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি কারাগারে
লালমনিরহাটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামসকে (মাঝে) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে লালমনিরহাট সদর থানা চত্বরে। ছবি-সংগৃহীত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২২:২১
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। গত শনিবার দুপুরে আটকের পর রোববার লালমনিরহাটের আমলি আদালতে হাজির করা হয়। বিচারক মো. আলাউদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকার সময় দহগ্রাম সীমান্তে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি কূটনৈতিকসহ মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইন্সেসহ বেশ কিছু বাংলাদেশি টাকা পাওয়া যায়।
পরে ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বাড়িতে আগুনে পুড়ে ছয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
সাব্বির বিন শামস আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক ছিলেন। ২০২০ সালের আগস্টে সিআরআই থেকে পদত্যাগ করেন তিনি। পরের বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ওই পদে সাত মাস দায়িত্ব পালনের পর যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পাবলিক ডিপ্লোম্যাসি পদে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২৩ সালে সেখানে ইস্তফা দিয়ে দেশে ফিরে আসেন সাব্বির বিন শামস।
- বিষয় :
- পুলিশ
- গ্রেপ্তার
- পররাষ্ট্রমন্ত্রী
