দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা ভালো না থাকায় প্রভাব ব্যাংকিং খাতে: শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২২:৫৫ | আপডেট: ১৭ মে ২০২৬ | ২৩:০২
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, দেশের ব্যাংকিং খাতে বর্তমানে ‘অত্যন্ত টালমাটাল’ পরিস্থিতি বিরাজ করছে।
তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো না থাকায় তার প্রভাব ব্যাংকিং খাতেও পড়েছে। পাশাপাশি অনেক ব্যাংক ‘খালি করে দেওয়া হয়েছে’, যার নেতিবাচক প্রভাব পুরো ব্যাংকিং শিল্পে দেখা যাচ্ছে।
রোববার রাজশাহী নগরের একটি হোটেলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বিষয়ে সামাজিক সচেতনতা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এতে ব্যাংকের গ্রাহক ও প্রবাসীদের স্বজনেরা অংশ নেন।
অনুষ্ঠানে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ব্যাংকে টাকা রাখার আগে সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও বাজারে সুনাম সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। তিনি বলেন, ‘একটা ব্যাংকের শাটার খুলে ফেলল, সেখানে গিয়ে ঝপাৎ করে টাকা জমা দিল- এর প্রভাব আজ চারদিকে দেখা যাচ্ছে।’
তিনি আরও বলেন, বর্তমানে যেসব ব্যাংক তুলনামূলক ভালো অবস্থায় আছে এবং যেখানে গ্রাহকের অর্থ নিরাপদ বলে বিশ্বাস করা যায়, সেসব প্রতিষ্ঠান বিবেচনায় নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা উচিত।
- বিষয় :
- রাজশাহী
