হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগ
ছবি: ফাইল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১০:৩৯
মৌলভীবাজার রুটে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। গতকাল রোববার হবিগঞ্জ থেকে সিলেটগামী সব রুটে বাস চলাচল বন্ধ করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশু এবং অফিসগামী যাত্রীদের বেশি দুর্ভোগের শিকার হন।
জানা গেছে, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটটি মৌলভীবাজার জেলার ওপর দিয়ে গেছে। দুই বছর ধরে এ রুটে হবিগঞ্জের বাস চলাচল নিয়ে বিরোধ চলছে দুই জেলার মালিক সমিতির মধ্যে। এ নিয়ে একাধিকবার হামলা, পাল্টা হামলাসহ ঘটেছে বাস চলাচল বন্ধের ঘটনাও। সবশেষ গত শুক্রবার সিলেট বিভাগীয় কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসা হয় প্রশাসনের মধ্যস্ততায়। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।
গত শনিবার আবারও হবিগঞ্জের বাস আটকে শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠে মৌলভীবাজারের শ্রমিকদের বিরুদ্ধে। ফলে তাৎক্ষণিক হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করে। পরে প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ প্রত্যাহার করা হয়। পরে বিষয়টি নিয়ে সুরাহা না হওয়ার রোববার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজারসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করা হয়।
গতকাল সকালে সরেজমিন শহরের বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সকাল থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় স্ট্যান্ডে সারি সারি করে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এত করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দৈনন্দিন যাত্রীরা। সকালে কাজে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসে অনেককে ফিরে যেতে দেখা গেছে। দূরপাল্লার যাত্রীরাও পড়েছেন অনিশ্চয়তায়। অনেকেই বাধ্য হয়ে অটোরিকশাসহ বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। বাস চলাচল বন্ধ থাকায় জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
সিলেটগামী যাত্রী কারিমুল ইসলাম বলেন, ‘আমি আমার অসুস্থ ভাইকে নিয়ে সিলেট যাওয়ার জন্য টার্মিনালে এসেছিলাম। এখন এসে দেখি বাস বন্ধ। তাই বাধ্য হয়ে আমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে।’
শিক্ষার্থী নয়ন চৌধুরী বলেন, ‘কয়েক দিনের ছুটিতে আমি বেড়াতে বাড়ি এসছিলাম। এখন ফেরার পথে বাস পাচ্ছি না। যে কারণে আমাকে শায়েস্তাগঞ্জ হয়ে সিলেট যেতে হবে। এতে সময়ও বেশি লাগবে।’
নুরুন্নাহার বেগম নামে এক নারী জানান, তিনি পরিবার নিয়ে সিলেটে থাকেন। সন্তানদের নিয়ে সিলেট যাওয়ার জন্য হবিগঞ্জে এসেছিলেন। এখানে বাসস্ট্যান্ডে এসে শুনতে পান বাস বন্ধ। যে কারণে চরম বিপদে পড়েছেন। মনিরুল ইসলাম নামের অপর এক ভুক্তভোগী বলেন, প্রয়োজনীয় কাজে তিনি মৌলভীবাজার যেতে বাসস্ট্যান্ডে এসেছিলেন। বাস চলাচল বন্ধ থাকায় এখন যেতে পারছেন না। কয়েক দিন পরপর এভাবে আকস্মিক ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়। যা যাত্রীদের দুর্ভোগে ফেলছে।
হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, বিভাগীয় কমিশনার ও জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একাধিকবার আলোচনা হয়েছে। এখনও সমস্যার গ্রহণযোগ্য সমাধান হয়নি। এ কারণে আমরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
- বিষয় :
- মৌলভীবাজার
