ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওজনে ‘নেইমার’ ৩৫ মণ, দাম ১২ লাখ টাকা

ওজনে ‘নেইমার’ ৩৫ মণ, দাম ১২ লাখ টাকা
×

নেইমারের যত্নে মালিক দেবু পাঁড়ে সমকাল

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১০:৪২ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১০:৫১

বিশালদেহী ষাঁড়টির শরীর কিছুটা বাদামি রঙের আর মাথা, মুখ ও গলার সামনের অংশ দেখতে সাদাটে। মাথার সামনের স্টাইল খানিকটা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের মতো। তাই শখ করে মালিক ষাঁড়টির নাম রেখেছেন ‘নেইমার’। 

এটির মালিক যশোরের অভয়নগর উপজেলার ডাঙামশিয়াহাটি গ্রামের নিরাঞ্জন পাঁড়ের ছেলে দেবু পাঁড়ে (৩৩)। তিন বছরের বেশি সময় ধরে লালন-পালন করে নেইমারকে বড় করেছেন তিনি। উপজেলায় সাড়া ফেলেছে সাড়ে পাঁচ ফুট উচ্চতার ‘নেইমার’। ঈদে বিক্রির জন্য প্রায় ৩৫ মণ ওজনের ষাঁড়টির দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ টাকা।

গতকাল রোববার সকালে দেবু পাঁড়ের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির পশ্চিম পাশে টিনের তৈরি একটি গোয়ালঘরের পাশে ছাদ দেওয়া একটি প্রশস্ত কক্ষ। এই কক্ষে নেইমার একা থাকে। ষাঁড়টির গলায় কোনো দড়ি না থাকায় মাঝে মাঝে ঘর থেকে উঠানে বেরিয়ে পায়চারী করে আর ফেলে রাখা ঘাস ও পাত্রে রাখা খাবার খায়। এটি অত্যন্ত শান্ত স্বভাবের হওয়ায় এবং কারও ক্ষতি না করায় সাধারণত বেঁধে রাখা হয় না। 

ষাঁড়টি দেখতে আসা পড়শি উত্তম ধর জানান, পরম মমতা আর যত্নে দেবু ষাঁড়টিকে বড় করেছেন। বিক্রি হবে জেনে ষাঁড়টি দেখতে দূরদূরান্ত থেকে অনেকে আসছেন।

দেবু পাঁড়ে জানান, ছোটবেলা থেকেই পশু পালনের প্রতি তাঁর আগ্রহ। পড়াশোনা শেষ করে ২০২২ সাল থেকে তিনি পারিবারিক খামার গড়ে তোলেন। বর্তমানে ছয়টি গরু আছে তাঁর। এর মধ্যে ষাঁড় আছে দুটি। এগুলোর খাদ্য তালিকায় থাকে খৈল, ভুসি, খড়, ভুট্টার গুঁড়া, সামান্য ভাত ও সবুজ ঘাস। প্রতিদিন প্রায় দেড় হাজার টাকার খাবার ও তিনবার করে গোসল করাতে হয় নেইমারকে।

দেবু পাঁড়ে বলেন, আকর্ষণীয় শারীরিক গঠন ও মাথার সামনের চুলের বিশেষ স্টাইলের কারণে ফেলেপ ভি জাতের এই ষাঁড়টি সহজেই সবার নজর কাড়ছে। এটির ওজন ৩৫ মণ হতে পারে। অনেকেই কেনার জন্য দাম জানতে চেয়েছেন। ভালো দাম না বলায় এখনও বিক্রি করতে পারেননি। ১২ লাখ টাকা হলে ছেড়ে দেবেন।

অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ষাঁড়টি আমি দেখতে গিয়েছিলাম। বিশালাকৃতির তবে ওজন মাপা হয়নি। সম্পূর্ণ স্বাভাবিক পরিবেশে প্রাকৃতিক খাবার খাইয়ে দেবু ও তাঁর পরিবার নেইমারকে বড় করে তুলেছেন। আশা করছি, বিক্রি করে তারা উপযুক্ত মূল্য পাবেন।’

আরও পড়ুন

×