ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৮:১৩
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মরন মিয়া নামে মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।
এর আগে সকাল ১০টার দিকে মরন মিয়া অসুস্থ হয়ে পড়লে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের বাসিন্দা।
কারাগার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কারাগারে নাস্তা খাওয়ার সময় কয়েদি মরন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি ঘটলে তাকে সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের চিকিৎসক ডা. সাখাওয়াত হোসেন তানভীর জানান, অসুস্থ হওয়ার পরপরই মরন মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- কয়েদির মৃত্যু
