ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জামিনে মুক্তি, কারাফটকে গ্রেপ্তার শিখরের ভাই হিশাম

জামিনে মুক্তি, কারাফটকে গ্রেপ্তার শিখরের ভাই হিশাম
×

আওয়ামী লীগের মাগুরা পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিশাম। ছবি: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৮:৫৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিশাম হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই আবারও গ্রেপ্তার হয়েছেন। রোববার বিকেল পাঁচটার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আশরাফুজ্জামান হিশাম মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই। তাদের বাবা মরহুম আসাদুজ্জামানও সংসদ সদস্য ছিলেন। 

পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন জায়গায় আশরাফুজ্জামান হিশামের বিরুদ্ধে মামলা রয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এর পর থেকে তিনি কারাবন্দী ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান আশরাফুজ্জামান হিশাম। রোববার বিকেলে তিনি মাগুরা জেলা কারাগার থেকে ছাড়া পান। 

হিশামের আইনজীবী এস্কেন্দার আজম বাবলু বলেন, ‘শুনেছি তাঁকে শ্যোন অ্যারেস্ট করা হয়েছে।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন সোমবার বলেন,  তাঁকে আটকের বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বিস্তারিত বলতে পারবেন। তবে তিনি নিশ্চিত করেন, জিআর ৩২৮ ধারার একটি মামলায় তাঁকে (হিশাম) আদালতে হাজির করা হয়েছে।
 

আরও পড়ুন

×