ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাসচাপায় যাত্রী নিহত, পালানোর সময় ‘স্ট্রোকে’ মৃত্যু চালকের

বাসচাপায় যাত্রী নিহত, পালানোর সময় ‘স্ট্রোকে’ মৃত্যু চালকের
×

প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৯:০৪

খাগড়াছড়ির রামগড়ে বাসের চাপায় নিহত হয়েছেন অপর একটি বাসের যাত্রী। রোববার রাতে উপজেলার নাকাপা চাষিনগরে ঘটে এই দুর্ঘটনা। এ ঘটনায় অভিযুক্ত বাসচালকের মরদেহ সোমবার ভোরে পাওয়া গেছে নাকাপা এলাকার একটি যাত্রীছাউনির সামনে। পুলিশের ধারণা, দুর্ঘটনার পর মানসিক চাপ থেকে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রোববার রাত ১০টার দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে যায় শান্তি পরিবহনের ঢাকাগামী একটি বাস। সেটি জালিয়াপাড়া-রামগড় সড়কের চাষিনগরে পৌঁছালে চাকা পাংচার হয়। সড়কের সরু অংশেই বাসের চাকা পরিবর্তন করছিলেন চালক ও সহকারী। কয়েকজন যাত্রী এই কাজ দেখছিলেন।

রাত ১২টার পর পেছন থেকে আসা শ্যামলী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ধাক্কায় শান্তি পরিবহনের বাসের যাত্রী শাহ আলম (৩৬), জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই মারা যান খাগড়াছড়ির শান্তিনগরের বাসিন্দা শাহ আলম। অন্যদের রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নাকাপা বাজারের কাছে ব্যারিকেড দিয়ে শ্যামলী পরিবহনের বাসের গতিরোধ করে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। সেখান থেকে কৌশলে সটকে পড়েন বাসচালক মো. রব শেখ ও সহকারীরা। গতকাল ভোরে নাকাপা বাজারের যাত্রী ছাউনির সামনে এলাকাবাসী এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ মানিব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে নিশ্চিত হন নিহত ব্যক্তি রব শেখ, যিনি শ্যামলী পরিবহনের বাসটির চালক। জানা গেছে, রব শেখ পাবনার সুজানগর উপজেলার আলাদিপুর গ্রামের বাসিন্দা।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. কাউছার বলেন, দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, শান্তি পরিবহনের যাত্রীকে চাপা দেওয়ার মানসিক চাপ ও বাসে হামলার পর পালানোর সময় স্ট্রোকে চালক রব শেখের মৃত্যু হয়েছে। 

রামগড় থানা পুলিশ নিহত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করেছে। থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, দুর্ঘটনার পেছেনে দুটি বাসের চালক ও সহকারীর অসচেতনতা দায়ী। এ জন্য বাস দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠক অ্যাডভোকেট রবিউল ইসলামের ভাষ্য, শান্তি পরিবহনের বাসটির চাকা যদি সড়কের প্রশস্ত অংশে বদলানো হতো, শ্যামলী পরিবহনের বাসের চালক-সহকারীরা যদি সতর্কতা অবলম্বন করতেন; তাহলে হয়তো দুটি মৃত্যু এড়ানো যেতো।

আরও পড়ুন

×