ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মঙ্গলবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু

মঙ্গলবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু
×

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২২:২৬

দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর অবশেষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। উভয় দেশের আমদানি-রপ্তানিকারক নেতাদের মধ্যে অনলাইন বৈঠকের মাধ্যমে প্রতি মেট্রিক টন পাথরের মূল্য ১৪ মার্কিন ডলারে নির্ধারণ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।

এর আগে গত ১৭ মে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের মিলনায়তনে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় পাথর আমদানির জটিলতা নিরসন এবং ব্যবসা স্বাভাবিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ।

পরে সোমবার বিকেলে অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। 

সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি বলেন, ‘ভারতীয় রপ্তানিকারকরা ১৫ ডলারের নিচে পাথর রপ্তানিতে অনাগ্রহ দেখালেও বাংলাদেশি আমদানিকারকরা ১৩ ডলারের বেশি দামে পাথর আমদানিতে রাজি ছিলেন না। এ মূল্যগত দ্বন্দ্বের কারণেই এতদিন ধরে সোনামসজিদ বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল। নতুন সমঝোতার ফলে মঙ্গলবার সকাল থেকে পুনরায় পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে এবং আমদানি কার্যক্রম স্বাভাবিক হবে।’

দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন খাতসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ ক্ষতির মুখে পড়েছিলেন। নতুন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা আশা করছেন, বন্দরের কার্যক্রম সচল হওয়ায় স্থানীয় অর্থনীতিতে আবারও গতি ফিরবে। শ্রমিকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা দ্রুত পাথরবাহী ট্রাক প্রবেশ ও খালাস কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন

×