ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে আনা হলো থানায়, সঙ্গে পোষা বানরও

হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে আনা হলো থানায়, সঙ্গে পোষা বানরও
×

গিয়াস উদ্দিন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২২:৩৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অটোরিকশাচালক কিশোর মো. রাজিব (১৪) হত্যার মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি পোষা বানরকেও থানায় নিয়ে আসে পুলিশ, যা নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

রাতে বানরটিকে থানায় আনার পর সেটি দেখতে ভিড় জমিয়েছে জনতা। বানরটি থানার ভেতরে ছোটাছুটি করতে থাকায় পুলিশ সদস্যদের সেটিকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, বানরটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ আরও জানায়, গিয়াস উদ্দিন রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। গত শুক্রবার রাতে অটোরিকশা ভাড়া নিয়ে নির্জন স্থানে গিয়ে চালক রাজিবের অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। এতে বাধা দিলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রাজিবকে হত্যা করা হয়। পরদিন শনিবার দুপুরে চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযানে নেমে পুলিশ গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘রাজিবকে হত্যার পর লাশ বাগানে ফেলে রেখে হায়দারগঞ্জ বাজারে অটোরিকশাটি বিক্রির চেষ্টা করেন গিয়াস। বিক্রি করতে ব্যর্থ হয়ে সেটি একটি বাড়িতে রেখে পালিয়ে যান।’

তিনি আরও জানান, গিয়াসের একটি পোষা বানর ছিল। ‘রাজ’ নামের ওই বানরটিকে নিয়েই তিনি পালিয়ে যান। পরে তাকে ওই বানরসহ গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×