ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ

নিখোঁজের একদিন পর গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২

নিখোঁজের একদিন পর গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২
×

মরিয়ম বেগম। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৪:৫৭

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম (৫৫) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে ৯৯৯ নম্বরে পাওয়া ফোনের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত মরিয়ম বেগম স্থানীয়ভাবে গৃহশিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী। সোমবার সকালে তিনি চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে তাদের দুই সন্তানকে পড়াতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধারের সময় তার মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন এবং কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, নিহতের পরিবার সোমবার রাতেই সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ৯৯৯-এ ফোনটি করেছিলেন রুবেল নিজেই। তবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার হওয়ায় রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়ম বেগমকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে একজন স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের দুটি স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে। গতকাল দুল দুটি ওই স্বর্ণকারের কাছে বিক্রি করেছিলেন সুমি খাতুন। এ ঘটনায় ওই স্বর্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

আরও পড়ুন

×