গাইবান্ধা
পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান। ছবি: সমকাল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৫:০৬ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৫:২২
গাইবান্ধায় মুরগি বহনকারী পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক মহাসড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘির মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা ও ইজিবাইকচালক ফরিদ মিয়া (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি গাইবান্ধা থেকে দারিয়াপুরের দিকে যাওয়ার সময় এর সামনের চাকা হঠাৎ পাংচার হয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালকের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (বরখাস্ত) সামিউল ইসলাম, তার স্ত্রী মেহেরুননেছা এবং সহকারী শিক্ষিকা নাজমুননাহার লাকী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের হাত ও পা ভেঙে গেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
- বিষয় :
- গাইবান্ধা
- পিকআপ ভ্যান
- সংঘর্ষে নিহত
