নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৬:১৮ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৬:১৮
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু একই এলাকার মিন্টু আলীর ছেলে আরাফাত (১১) ও রাজূ আহমেদ এর ছেলে নূর মোহাম্মদ (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে আরাফাতের নানা বাড়ির পাশে পুকুরের পাড়ে তাদের খেলতে দেখে ধারণা করেন, তারা হয়তো পুকুরে পড়ে গেছে। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে দুই শিশুকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অবগত আছেন। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- নাটোর
- পানিতে ডুবে মৃত্যু
- শিশুর মৃত্যু
