ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রামে সহকারী হাইকমিশন থেকে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রামে সহকারী হাইকমিশন থেকে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৮:০৫

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে ভারতের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাইকমিশনের সহকারী সিকিউরিটি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। 

আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নগরের খুলশী এলাকায় অবস্থিত হাইকমিশনে কিভাবে নরেন ধরের মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

লাশ উদ্ধারে দায়িত্ব পালন করা খুলশী থানার এসআই এনামুল হক বলেন, ‘লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।’

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ‘নরেন ধর নামে ভারতীয় হাইকমিশনের সহকারী সিকিউরিটি কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হাইকমিশনের কাছে হস্তান্তর করা হবে। নরেন ভারতীয় নাগরিক। তার শরীরে কোনো জখমের দাগ নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’ 

ভারতীয় হাই কমিশনারের অফিসিয়াল নম্বরে ফোন করলেও সংযোগ পাওয়া যায়নি। হাই কমিশনারের ব্যক্তিগত সহকারী (পিএ) রবি কুমারের অফিসিয়াল নম্বরে ফোন করলে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি নাম প্রকাশ প্রকাশ না করে বলেন, ‘হাইকমিশনের ভেতর নরেন ধর নামে কেউ মারা গেছে কিনা জানা নেই। এ বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অফিসিয়ালি মেইল করতে পারেন। এর বেশি তথ্য আপাতত দেওয়া জানা নেয়।’     

নগর পুলিশের উত্তর জোনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বিদেশি মিশনের ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনা। মিশনের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন বা সন্দেহজনক আলামত পাওয়া পাওয়া যায়নি। খবর পেয়ে সকালে খুলশী থানা-পুলিশের একটি দল ভারতীয় হাইকমিশনে যায়। সেখানে লাশের সুরতহাল করা হয়। তার কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্সে করে লাশটি বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় খুলশী থানায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।’

আরও পড়ুন

×