ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোলের শিশুকে ছুড়ে ফেলে নারীকে ধর্ষণচেষ্টা, আসামি গ্রেপ্তার

কোলের শিশুকে ছুড়ে ফেলে নারীকে ধর্ষণচেষ্টা, আসামি গ্রেপ্তার
×

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:৩৫

কেন্দুয়া উপজেলায় দেড় মাসের শিশুকে কোল থেকে কেড়ে নিয়ে ঝোপের মধ্যে ফেলে দিয়ে তাঁর মাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি আব্দুর রউফ ভূঞাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়েছে।

গত রোববার সন্ধ্যার পর কেন্দুয়া উপজেলার সীমান্তবর্তী কৈজানী ফেরিঘাট সংলগ্ন তাম্বুলিপাড়া এলাকায় ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। তাম্বুলিপাড়া মদন উপজেলার শেষ সীমান্তে। গত সোমবার মদন থানায় মামলা করেছেন ভুক্তভোগী। একই দিন ভোরে আসামি আব্দুর রউফ ভূঞাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী নারীর বাবার বাড়ি সিরাজগঞ্জে। কয়েক বছর আগে তাঁর বিয়ে হয় নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের একটি গ্রামে। দেড় মাস আগে তাদের সংসারে একটি সন্তান জন্ম নেয়। কিন্তু স্বামী-স্ত্রীর ঝগড়া-বিবাদের কারণে চার দিন আগে তালাক দেন তাঁর স্বামী। বাধ্য হয়ে দেড় মাসের সন্তান কোলে নিয়ে গত রোববার বিকেলে বাবার বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন ওই নারী। সন্ধ্যার দিকে কৈজানী ফেরিঘাট এলাকার তাম্বুলিপাড়ায় পৌঁছান। ফেরিঘাট এলাকার আব্দুর রউফের দোকানে বসে কান্নাজড়িত কণ্ঠে ঘটনাটি বলেন। পরে কেন্দুয়া উপজেলা সদরে যেতে গাড়ির অপেক্ষায় বসে থাকেন। তবে সন্ধ্যা হওয়ায় শিশু সন্তানসহ বাড়িতে আশ্রয় দেওয়ার কথা বলেন দোকানি আব্দুর রউফ। এ কথায় রাজি হলে আব্দুর রউফ তাঁর দোকানঘর বন্ধ করে ওই নারীকে নিয়ে সন্ধ্যার পর চন্দ্রতলা গ্রামের দিকে রওনা দেন। কিছুক্ষণ যাওয়ার পর আব্দুর রউফ শিশু সন্তান কেড়ে নিয়ে ধইঞ্চা ক্ষেতের ঝোপের মধ্যে ফেলে দিয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে। তবে পালিয়ে যায় আব্দুর রউফ। পরে ভুক্তভোগীর বর্ণনায় দোকানি আব্দুর রউফকে চিনতে পারেন স্থানীয়রা।

ঘটনাটি জানাজানি হলে কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নেত্রকোনার পুলিশ সুপারের নজরে আসে। পুলিশ সুপার কেন্দুয়া ও মদন থানার পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, আব্দুর রউফকে চন্দ্রতলা গ্রাম থেকে গত সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে মদন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে মদন থানার পরিদর্শক (তদন্ত) অসিম কুমার দাস বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×