শিক্ষকের বস্তাবন্দি লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নামোশংকরবাটি চৌকাপাড়ার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম বেগম পৌর এলাকার উজ্জ্বলপাড়ার বাসিন্দা। তিনি মোসাদ্দেক হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, সোমবার সকালে মরিয়ম বেগম চৌকাপাড়ায় মো. রুবেল ও সুমি খাতুন দম্পতির বাড়িতে তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। খোঁজ না পেয়ে তার এক ছেলে সদর মডেল থানায় জিডি করেন।
মঙ্গলবার সকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমির বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মরিয়ম বেগমের লাশ উদ্ধার করে। আটক সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে এক স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের স্বর্ণের দুটি কানের দুল উদ্ধার করা হয়েছে। হত্যার পর দুল দুটি বিক্রি করা হয়েছিল।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ছাড়া কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘৯৯৯-এ ফোন করেছিলেন রুবেল নিজেই। তবে তার বাড়ি থেকেই মরদেহ উদ্ধার হওয়ায় ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সুমি গতকাল ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ওই স্বর্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়ম বেগমকে হত্যা করা হয়েছে।’ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
নিহতের ছেলে মারুফ হোসেন বনি বলেন, ‘রাতেও মাকে খুঁজতে আমরা রুবেলের বাড়িতে গিয়েছিলাম। তখন তারা বলেছিল, প্রাইভেট পড়ানো শেষে মা চলে গেছেন। গতকাল সকালে শুনি, ওই বাড়ি থেকেই মায়ের মরদেহ উদ্ধার হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’
গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
