ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২১ মাস পর সেতুতে টোল চালু, আন্দোলনের ডাক

২১ মাস পর সেতুতে টোল  চালু, আন্দোলনের ডাক
×

কুষ্টিয়ার কুমারখালীর সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল প্লাজায় যানজট। ছবি গতকাল মঙ্গলবার বিকেলের সমকাল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ২১ মাস পর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুমারখালীর সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে টোল আদায় শুরু হয়েছে। গত সোমবার রাত থেকে সেতুতে টোল আদায় শুরু করে ইজারাদারের লোকজন। এদিকে সেতুতে আবার টোল আদায়ের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। 
টোল আদায়কারীদের ভাষ্য, সেতুতে টোল বন্ধের দাবিতে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকাবাসী কয়েক দফা আন্দোলন-সংগ্রাম করেছেন। প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছেন। তাই তাদের দাবিকে সম্মতি জানিয়ে এবার দুই ও তিন চাকার যানবাহন বাদ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এতে কারও অসুবিধা নেই।

এদিকে টোলকে অবৈধ দাবি করে আজ বুধবার বিকেল ৪টায় সেতুর টোল প্লাজা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আলী।
সওজ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর ওপর সেতুটি নির্মাণ করে সওজ। ২০২৪ সালের ৫ আগস্ট টোল আদায় বন্ধের দাবিতে টোলপ্লাজায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এর কয়েকদিন পর (১৩ আগস্ট) সওজ কর্তৃপক্ষ টোল আদায় করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্রজনতা বাধা দেয়। এরপর থেকে সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এতে সেতু থেকে গত ২১ মাসে অন্তত ১৮ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। 

আবার টোল চালু করতে গত ১০ মার্চ নতুন করে দরপত্র আহ্বান করে সওজ। এতে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় সেতুতে টোল আদায়ের ঠিকাদারি পেয়েছে কুষ্টিয়ার প্রতিষ্ঠান থ্রি স্টার এগ্রো ইন্ডাস্ট্রিজ। 
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, টোল প্লাজা এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। এতে যানবাহনের দীর্ঘলাইন সৃষ্টি হয়েছে। ভাঙা টোল ঘরের সংস্কার কাজ চলছে। দুই-তিন চাকার যানবাহন বাদ রেখে টোল আদায় চলছে।
এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আশরাফ হোসেন বলেন, জনগণের দাবি মেনে নিয়ে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী দুই-তিন চাকার যানবাহন বাদ দিয়ে টোল আদায় চলছে। এখন পর্যন্ত টোল আদায়ে কোনো বাধা আসেনি।

কুমারখালী সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক হিরোন শেখ ও সদস্য লিটন শেখ বলেন,  ‘আমরা থ্রি হুইলার বন্ধের জন্য আন্দোলন করেছিলাম। প্রশাসন কথা রেখেছে। এভাবে টোল আদায় করলে সমস্যা নেই। তবে থ্রি হুইলারের টোল চালু হলে আবার আন্দোলন করা হবে।’
টোল বেশি নেওয়ার অভিযোগ তুলে ট্রাকচালক মো. মাহফুজুর রহমান বলেন, ‘সেতুতে আগের ১৫০ টাকার টোল এখন নিচ্ছে ১৮০ টাকা। এত দিনেও কি সেতুর টাকা ওঠেনি? আমরা চাই কুষ্টিয়াতে টোল আদায় বন্ধ থাক।’
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, ৫ আগস্টের পর থেকে টোল আদায় বন্ধ থাকায় প্রতিদিন ৩-৪ লাখ টাকার রাজস্ব হারিয়েছে সরকার। সম্প্রতি আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক শেষে টোল চালু হয়েছে। 
সরকারের নির্দেশনা অনুযায়ী সেতুতে টোল চালু করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার ডিসি মো. তৌহিদ বিন হাসান। তিনি বলেন, টোল আদায়ে কোনো বাধা নেই। কোনো চ্যালেঞ্জ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

আরও পড়ুন

×