ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

এক্সপ্রেসওয়ে অবরোধ করে  বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
×

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ সমকাল

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক চাকরিপ্রার্থী। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় তারা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক্সপ্রেসওয়েতে অবরোধ সৃষ্টি করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা নেওয়া হয়।

অবরোধের কারণে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দক্ষিণাঞ্চল ও ঢাকাগামী পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করে। কিছু সময় পর বিক্ষুব্ধরা রাস্তা ছেড়ে দেন। পরবর্তীতে কারাগারের লোকজনের সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে দুপুর সোয়া ১টার দিকে ফের এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ পরীক্ষার্থী।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) কারারক্ষী পদে নিয়োগের জন্য গতকাল সকালে প্রার্থীদের শারীরিক পরীক্ষার আয়োজন করা হয়। চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, পরীক্ষায় উচ্চতা ও শারীরিক সক্ষমতার মূল্যায়নে অনিয়ম করা হয়েছে। বরিশাল থেকে আসা মনির হোসেনসহ একাধিক পরীক্ষার্থী জানান, নিয়োগের শারীরিক পরীক্ষায় অনিয়ম হয়েছে। ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি ও মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা থাকার কথা। কিন্তু এমন উচ্চতা থাকার পরও অনেককে বাদ দেওয়া হয়েছে।
 

একাধিক পরীক্ষার্থীর ক্ষেত্রে এ রকম ঘটনা ঘটলে তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের দাবি, কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তখন বাদ পড়া পরীক্ষার্থীদের একটি অংশ কারাগার কমপ্লেক্স থেকে বের হয়ে এসে সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করলে তারা এক ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যান। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় তারা আবারও সড়কে নেমে আসেন। তারা এ নিয়োগ পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 
ফরিদপুরের পরীক্ষার্থী সুমন মিয়া বলেন, আমার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি হলেও আমাকে বাদ দেওয়া হয়েছে। আমার চেয়ে কম উচ্চতার অনেকে টিকে গেছেন। তিনি বলেন, আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। এই পরীক্ষা বাতিল করে আবার স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া হোক এটাই আমাদের দাবি। 
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক লিয়াকত হোসেন বলেন, পুলিশ গিয়ে তাদের সঙ্গে কয়েক দফা কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 
  ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবেই পরিচালনা করা হচ্ছে। চার ধাপে বাছাই শেষে ৪৫০ জন পুরুষ ও ২২ জন নারী কারারক্ষী নিয়োগ দেওয়া হবে। শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন ধাপ পেরিয়েই চূড়ান্তভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে।

আরও পড়ুন

×