চালকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়া সেই পুলিশ সদস্যের মৃত্যু
নিহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৮:২৬
ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে চালকের ধাক্কায় আহত সেই পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন। বুধবার দুপুরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুল কুদ্দুস চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ট্রাফিক-পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, ‘টানা ছয়দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার হার মানেন কনস্টেবল আব্দুল কুদ্দুস। তার এমন মৃত্যুতে সবার মাঝে শোক নেমে এসেছে। এমন মৃত্যু কোনোভাবেই কামন্য নয়। এতে আমরা গভীরভাবে শোকাহত।’
তিনি আরো বলেন, ‘গত ১৫ মে রাতে নগরীর পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় অবৈধভাবে চলাচলকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। সেটি মনসুরাবাদে ট্রাফিক পুলিশের ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার পথে তিনি চালকের পাশে বসেছিলেন। পথে চালক তাকে ধাক্কা দিলে চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন। এতে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান আব্দুল কুদ্দুস। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এ ঘটনার পর পুলিশ আব্দুল জলিল নামে ওই অটোরিকশা চালককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।’
