গরুর পচা মাংস বিক্রি করায় দুইজনকে কারাদণ্ড
ছবি: সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৯:৪৯ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ২০:০৬
বাগেরহাটের রামপালে গরুর পচা মাংস বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার ফয়লা বাজারে অভিযান চালিয়ে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দণ্ডিতরা হলেন— রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার (৩০)।
অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘ফয়লা বাজারে গরুর পচা মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত দুই বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’
