চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১২:২৫
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাস বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভা বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তাদের ১৫টি বাস ভাঙচুরের শিকার হয়েছে এবং অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন— মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, ‘স্কুল মাঠে রাখা বাসগুলোতে থাকা শ্রমিকদের উপর হঠাৎ অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এসময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।’
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক জানান, ‘হামলার ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও বিচারের দাবি জানান।’
বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী বলেন, ‘অন্ধকারের মধ্যে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ায় স্থানীয়রাও হতবাক হয়ে পড়েন।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।’
- বিষয় :
- বাস চলাচল বন্ধ
