ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
×

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষ। ছবি: সমকাল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৮:১৮ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৮:১৯

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংঘর্ষে রেলচলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরুবাহী পিকআপ লেভেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে পিকআপটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে চালক ও সঙ্গে থাকা লোকজন দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আখাউড়ার আজমপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন জানান, মুকুন্দপুরের শেষ প্রান্ত সিংগারবিল এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়। পরে পিকআপটি সরিয়ে নেওয়ার পর প্রায় ১০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, লেভেলক্রসিং পার হওয়ার সময় গরুবাহী পিকআপটি রেললাইনে আটকে যায়। এ সময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

×