শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে: সৈয়দ ফয়সল
মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৮:২৬
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, একটি জাতিকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের শিক্ষায় গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যুগ। এখানে টিকে থাকতে হলে শুধু সাধারণ শিক্ষা নয়, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে দেশের বিপুল জনসংখ্যা। এই জনসংখ্যাকে সঠিকভাবে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি আরও বলেন, নারীশিক্ষার প্রসারে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে নারীরা শিক্ষা, চিকিৎসা, প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সাফল্যের সঙ্গে কাজ করছেন।রীশিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর নারীশিক্ষাকে সর্বজনীন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন।
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, শিক্ষার উন্নয়নে শুধু সরকারের ওপর নির্ভর করলে হবে না। বেসরকারি উদ্যোক্তা, সমাজের বিত্তবান ব্যক্তি এবং শিক্ষানুরাগীদেরও এগিয়ে আসতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সৈয়দ ফয়সল অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে কাঙ্ক্ষিত মানে উন্নীত করা সম্ভব হয়নি। শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। সাইফুল হক মির্জার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া।
