ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘুষের টাকা ফেরত চেয়ে তহশিলদারের বিরুদ্ধে আবেদন

ঘুষের টাকা ফেরত  চেয়ে তহশিলদারের বিরুদ্ধে আবেদন
×

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৮:৫৭

| প্রিন্ট সংস্করণ

বরিশালের বানারীপাড়ায় এক তহশিলদারের বিরুদ্ধে দুই কলেজ শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ওই টাকা ফেরত পাওয়ার জন্য বুধবার ভুক্তভোগী এক শিক্ষক জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম আকন লিখিত অভিযোগে বলেছেন, তাঁর পৈতৃক বাড়ি বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। ওই সম্পত্তির ওয়ারিশদের নামে তিনটি নামজারির জন্য বানারীপাড়া সদর ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) মুহাম্মদ ওবায়দুর রহমানের কাছে গিয়েছিলেন। তাঁর সঙ্গে মিসকেসের প্রতিবেদনের জন্য যান একই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীর হোসেন। চারটি কাজের জন্য গত বছরের ২৮ ডিসেম্বর বিকেল ৩টার সময় অফিসে বসে মুহাম্মদ ওবায়দুর রহমান এক লাখ টাকা ঘুষ নেন। 
এ দুই শিক্ষক জানান, তারা পরে জানতে পারেন, নামজারির জন্য সরকারি ফি মাত্র ১ হাজার ১৭০ টাকা; মিসকেসের সরকারি কোনো খরচ নেই। তারা ঘুষের ওই টাকা ফেরত চান। এ ছাড়া ঘুষ নেওয়ার অপরাধে মুহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয়।
বানারীপাড়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীন নূসরাত বলেন, জেলা প্রশাসক তাঁর কাছে লিখিত অভিযোগের কপি পাঠালে তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। বক্তব্য জানতে বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের মোবাইল ফোন নম্বরে কল দিলেও ধরেননি। 

আরও পড়ুন

×