আজও তানভীরের পথ চেয়ে থাকেন মা-বাবা
তানভীর আহমেদ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের তানভীর আহমেদকে হারানোর এক বছর পেরিয়ে গেলেও শোক কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। মনের অজান্তেই এখনও ছেলের পথ চেয়ে বসে থাকেন মা-বাবা।
তানভীর আহমেদ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
ওইদিন কোচিং শুরুর অপেক্ষায় ক্যাম্পাসে অবস্থান করছিল সে।
পরিবার সূত্রে জানা যায়, রুবেল মিয়া প্রায় ১০ বছর স্ত্রী লিপি বেগম, দুই ছেলে তানভীর ও তাশফিককে নিয়ে ঢাকায় বসবাস করেন। তিনি একজন গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসায়ী। ছোট ছেলে তাশফিকও মাইলস্টোনে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে।
২০২৫ সালের ২১ জুলাই দুই ভাই একসঙ্গে স্কুলে যায়। নিয়মিত ক্লাস শেষে তাশফিক বাসায় ফিরে এলেও কোচিং করার জন্য তানভীর স্কুলে থেকে যায়। কিছুক্ষণ পরই ওই দুর্ঘটনা ঘটে। এতে তানভীরসহ ৩৬ জন নিহত হন। এর মধ্যে ২৮ জনই ছিল শিক্ষার্থী। এ ছাড়া বিমানবাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তওকির ইসলামও নিহত হন। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও তানভীরকে হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছে তাঁর পরিবার। মা বাবা এখনও মনের অজান্তে তানভীরের পথ চেয়ে বসে থাকেন। কখন স্কুল থেকে সে বাসায় ফিরবে।
এদিকে গত শুক্রবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে দুজন শিক্ষক তানভীরের গ্রামের বাড়ি নগরভাতগ্রাম নয়াপাড়া আসেন তার পরিবারের খোঁজখবর নিতে। তারা জুমার নামাজ শেষে মিলাদের আয়োজন করেন। এরপর আন্দিপাড়ায় তানভীরের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে একটি হাসনাহেনা গাছের চারাও রোপণ করেন তারা।
- বিষয় :
- হারানো শিশু