শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
অভিযুক্ত লিটন হোসেন। ছবি: সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৬:৩০ | আপডেট: ২২ মে ২০২৬ | ১৬:৩১
জয়পুরহাট শহরের আদর্শপাড়া মহল্লায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লিটন হোসেন নামে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। কয়েকদিন আগে তিনি কাজে গেলে বাড়িতে একা থাকা শিশুটিকে অভিযুক্ত লিটন ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয়। গত ১৮ মে আবারও শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা করলে আতঙ্কিত হয়ে সে মায়ের কর্মস্থলে গিয়ে আগের ও বর্তমান ঘটনার কথা জানায়। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, তার স্বামী লিটন মাদকাসক্ত। ঘটনার প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়স্বজন সামাজিক সম্মান ও মামলার খরচের ভয় দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
গত বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রায়হানুল আলম জানান, শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুর খোঁজখবর
নিয়েছে। অভিযুক্ত সৎ বাবা লিটনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
- বিষয় :
- জয়পুরহাট
- ধর্ষণের অভিযোগে আটক
- গ্রেপ্তার
