ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেত্রকোনার মদন

মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা আসামির ডিএনএ নমুনা সংগ্রহ

মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা আসামির ডিএনএ  নমুনা সংগ্রহ
×

 নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ১৭ মে ঢাকার কার্যালয়ে এই নমুনা সংগ্রহ করে। নেত্রকোনা কোর্ট পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ গতকাল শুক্রবার এই তথ্য জানান। 

কোর্ট পরিদর্শক জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ১০ মে আসামির ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। গত ১৬ মে আসামি সাগরকে নেত্রকোনা থেকে ঢাকায় নেওয়া হয়। ১৭ মে সিআইডি অফিসে তার নমুনা নেওয়া হয়। আসামি বর্তমানে জেলহাজতে। আদালত আগামী ২৮ জুন মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। 

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক সাগরের বিরুদ্ধে মামলা করেন ওই শিশুর মা। মামলায় অভিযোগ করা হয়, শিক্ষক সাগর ভয়ভীতি দেখিয়ে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ৭ মে আদালত আসামি সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১০ মে তাকে আদালতে হাজির করা হয়। ওই দিন তদন্ত কর্মকর্তা অপরাধ প্রমাণের স্বার্থে ডিএনএ পরীক্ষার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। 
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তার মা আদালতের কাছে আবেদন করেন। আদালতের নির্দেশে গত ১২ মে বিকেলে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে নেওয়া হয়। তাকে সিলেটের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে (সেফ হোম) পাঠানো হয়েছে।
মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আক্তারুজ্জামান জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

আরও পড়ুন

×